আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন বসিয়েছিলেন। সোমবার বিকেলে ড্রেজারের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে করে আসা চারজন ব্যক্তি তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়।
তার অভিযোগ, সেখানে দীর্ঘ এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন মিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়থাপ্পড় মারে। একপর্যায়ে বিএনপি নেতা মহিউদ্দিন তাকে না জানিয়ে কেন ড্রেজার মেশিন বসানো হলো, এই কৈফিয়ত চেয়ে তার কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
বার্তা নিউজ/পিআরএএন














