মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। ‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ (We are not insulted, We are awakened) স্লোগান নিয়ে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪ হাজার জন অনুসারী যুক্ত হয়েছেন।
টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবে অভিনব এই পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।
অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সেখানে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ওই পার্টির উদ্ভব হয়।
যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন প্ল্যাটফর্মটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগের অনিয়মবিরোধী এক বাস্তব আন্দোলনের রূপ নিয়েছিল।
বার্তা নিউজ/আরএসএল














