এএফএর ‘স্পনসর ডে’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাপিয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের ধারাবাহিক সাফল্যই তাদের ইতিহাসের সেরা দলের মর্যাদা এনে দিয়েছে। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে স্কালোনির দলের পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে তার আগে স্কালোনির অধীনে দলটি জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। অর্থাৎ টানা পাঁচটি বড় ফাইনাল খেলেছে আর্জেন্টিনা, যার চারটিতেই এসেছে শিরোপা।
তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খেলে চারটিতে জয়-আমার কাছে এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। তারা নিজেদের পারফরম্যান্স ও অর্জনের মাধ্যমে সেটি প্রমাণ করেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারলেও আমরা তাদের নিয়ে গর্বিত। এই দল আর্জেন্টিনার পতাকাকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরেছে।’
২০২৬ বিশ্বকাপের কঠিন সূচি ও নতুন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন এএফএ সভাপতি। তার ভাষায়, ‘এবারের বিশ্বকাপে দলের সংখ্যা ও ম্যাচ দুটোই বেশি ছিল। সময়ের পার্থক্যসহ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তারপরও এই দল দীর্ঘদিন ধরে যে মান ধরে রেখেছে, বিশ্বকাপেও সেটিরই প্রমাণ দিয়েছে।’
বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন দেওয়া শতাধিক ব্র্যান্ডকে নিয়ে আয়োজন করা হয় ‘এএফএ স্পনসর ডে’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালাসহ কোচিং স্টাফের সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও গোয়কোচেয়া। সেখানে এএফএর পক্ষ থেকে বক্তব্য দেন সভাপতি ক্লদিও তাপিয়া।
বার্তা নিউজ/আরএফই












