রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আকস্মিক এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিহত অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ৪ দফা দাবি ঘোষণা করেন:
১. অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং ৬০ দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে ফাঁসি কার্যকর করা।
২. ব্যর্থতার দায় স্বীকার করে কুমিল্লার পুলিশ সুপার (এসপি), আদর্শ সদর থানা ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার।
৩. কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া।
৪. নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে একটি তাৎক্ষণিক রেসপন্স ইউনিট (কুইক রেসপন্স টিম) গঠন করা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানান, উত্থাপিত দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অপ্রতিম নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্ক সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।













