হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর দেশ ছাড়বেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়গুলো তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।
প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না-জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। অধিবেশনের ফাঁকে কয়েকটি বৈঠক হবে। তবে এ ধরনের বৈঠকের সিদ্ধান্ত প্রায়ই শেষ মুহূর্তে চূড়ান্ত হয়।’
তিনি আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। সফরে প্রধানমন্ত্রী কার কার সঙ্গে দেখা বা বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে। এখানে গোপন করার কিছু নেই।’
যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে।
বার্তা নিউজ/ আরএফই












