মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি উপকারভোগীর জন্য এলপিজি রিফিলের ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ কথা জানান। এ খাতে রাজ্য সরকার ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে।
অনুষ্ঠানে আদিত্যনাথ জানান, বর্তমানে একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। কেন্দ্রীয় সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেওয়ায় গ্রাহককে দিতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি। উৎসবে বিনা মূল্যে সিলিন্ডার পেলে সাশ্রয় হওয়া অর্থ দিয়ে দরিদ্র পরিবারগুলো মিষ্টি ও প্রদীপ কিনতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
কংগ্রেস সরকারের আমলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, আগে গ্যাস সংযোগ পেতে মানুষকে নানা ভোগান্তি পোহাতে হতো। বর্তমান সরকার দরিদ্র পরিবারগুলোকে বিনা মূল্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করেছে।
এদিকে, আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠেয় দীপোৎসবকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন আদিত্যনাথ। আয়োজনের প্রস্তুতি পর্যালোচনায় তার অযোধ্যা সফরের কথা রয়েছে। তার মতে, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্র করার বার্তাই দেয় এই উৎসব।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক স্বার্থে জাতপাতের বিভাজন ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব অযোধ্যার সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার অংশগ্রহণের উৎসবে পরিণত করেছে।
আদিত্যনাথ বলেন, বিভিন্ন মানুষ নিজ হাতে প্রদীপ জ্বালালেও সেই আলো পুরো সমাজকে এক করে। জাতপাতের বিভাজন সমাজকে বিচ্ছিন্ন করে, আর অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি মানুষকে একসূত্রে যুক্ত করে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বার্তা নিউজ/এমএনকে













