শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বন্যা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্যোগ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও দলীয় সকল সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে জরুরি ত্রাণ বাবদ ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে বিজিবি, সেনাবাহিনী ও কোস্ট গার্ডসহ সরকারি বিভিন্ন বাহিনীকে। এছাড়াও প্রস্তুত করা হয়েছে ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে ওষুধ, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
ড. মাহদী আমিন বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব ও দায়বদ্ধতা নিয়ে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
উল্লেখ্য, এর আগে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
বার্তা নিউজ/এসএফএল





.webp)








