বিইআরসির কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হয়। বিইআরসির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে টানা দ্বিতীয় মাসের মতো কমলো রান্নার গ্যাসের দাম।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
টানা কয়েক মাস দামের ঊর্ধ্বগতির পর এলপিজি ও অটোগ্যাসের মূল্য উল্লেখযোগ্য হারে কমে আসায় সাধারণ ভোক্তা ও পরিবহন চালকদের মাঝে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
বার্তা নিউজ/এসএফএল














