ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপকূলের কাছে জিএফএস গ্যালাক্সি নামের বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানানো হচ্ছে। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় এখনও নিখোঁজ বলে জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
প্রতিবেদন অনুযায়ী, জিএফএস গ্যালাক্সি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। ইরান দাবি করেছে, জাহাজটি অননুমোদিত পথে চলাচল করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরান হরমুজ প্রণালিতে চলাচল বন্ধ ঘোষণা করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র নতুন দফায় হামলা শুরু করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভারত এ ঘটনাকে গভীর উদ্বেগের বলে উল্লেখ করে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চলমান উত্তেজনা নিরসনে অবিলম্বে কূটনৈতিক সমাধানের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানায় ভারত।
এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার ওপর গুরুত্বারোপ করে ভারত। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল এবং বাণিজ্য দ্রুত পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
এদিকে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র অন্তত তিন দফা হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলায় জাহাজটির একজন বেসামরিক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন এবং জাহাজটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি আর যাত্রা অব্যাহত রাখতে পারবে না।
সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, বাণিজ্যিক জাহাজে আগের হামলার পর জবাবদিহির সুযোগ দেওয়া হলেও ইরান সমঝোতা স্মারকের প্রতি আনুগত্য দেখাতে ব্যর্থ হয়েছে। তাই বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াচ্ছে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার আগে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালি নিয়ে বৈঠক করেন। তবে কয়েক দিন ধরে ইরানের হামলা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা অভিযানের ফলে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা চাপে পড়েছে।
সূত্র: এনডিটিভি
বার্তা নিউজ/ এসএফএল














