পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ফেসবুকে দেওয়া একটি বিতর্কিত স্ট্যাটাস নিয়ে ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের লোকজনের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। এর জেরে রাত ১০টার দিকে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজপথে নেমে আসে এবং সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে স্থানীয় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে তাদের দোকানপাট বন্ধ করে দেন। এ সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর সড়কে যান চলাচল ফের স্বাভাবিক হয়।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে হবিগঞ্জ সদর সার্কেলের এএসপি শহীদুল হক মুন্সি জানান, পুলিশ ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
বার্তা নিউজ/পিআরএএন













