মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে যায়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থী বাসটির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরি পাশাপাশি যাওয়ার পর একটি লরি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তিন শিক্ষার্থীকে চাপা দেয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মাইশাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বার্তা নিউজ/এসভিএন














