আজ ১৩ জুলাই খুলনার হরিণটানা থানা এলাকার মোস্তফার মোড় রেললাইনসংলগ্ন আবাসিক এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ইজিবাইকচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, সোমবার সকালে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে অভিযোগ করেন, তার স্বামী মুরাদ মোল্লা তাকে নির্যাতন করেছেন। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফাল্গুনী জানান, চলতি বছরের রমজান মাসে এক রাতে মারুফ নামে এক ইজিবাইকচালককে তারা তাদের বাড়িতে ডেকে আনেন। পরে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির আঙিনায় মরদেহ পুঁতে রাখেন। এরপর ইজিবাইকটি টুকরো টুকরো করে বিভিন্ন অংশ বিক্রি করে দেন।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দম্পতির বাড়ির আঙিনা খনন করে মাটিচাপা দেওয়া গলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তা নিউজ/ এসভিএন













