প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিটি ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪ টাকা ১৩ পয়সা (ডাইলিউটেড)।
বুধবার (৪ নভেম্বর) অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসিফ সিদ্দিকী এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ধারাবাহিক অগ্রগতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক আরও জোরদারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বার্তা নিউজ/আরএসএল












.webp)

