সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে অমানবিক এই বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশে একটি প্রতিনিধি দল ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন এবং উপহার তুলে দেন।
জানা যায়, সম্প্রতি সংবাদমাধ্যমে 'ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানার পর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোটালীপাড়ার উত্তর হিরন গ্রামে ওই বৃদ্ধের বাড়িতে উপস্থিত হয়। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও উপহার পৌঁছে দেন।
সাক্ষাৎকালে বৃদ্ধের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, মাননীয় প্রধানমন্ত্রী ওই বৃদ্ধের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। তবে সরেজমিনে গিয়ে প্রতিনিধি দলটি জানতে পারে, ছেলেরা তাদের ভুল বুঝতে পেরে বাবাকে পুনরায় বাড়িতে সসম্মানে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তার সম্পূর্ণ দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। ছেলেদের এই ইতিবাচক পরিবর্তনের বিষয়টি তারা প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান।
উল্লেখ্য, জীবনের দীর্ঘ সময় হাড়ভাঙা পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। কিন্তু সম্প্রতি নিজের সহায়-সম্বল ও জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি সন্তানদের কাছেই বোঝা হয়ে দাঁড়ান। একপর্যায়ে বসতবাড়ি থেকে বিতাড়িত হয়ে তিনি বাড়ির পাশের একটি গাছতলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।
বৃহস্পতিবার ওই বৃদ্ধের খোঁজ নিতে যাওয়া প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা নিউজ/পিআরএএন














