সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করে সাদিক কায়েম বলেন, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক পুনর্গঠন করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপের অংশ হিসেবেই তার এই বিদায়। এদিন নিজের ফেসবুক পোস্টে ছাত্রশিবিরকে ‘আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন’ উল্লেখ করে তিনি জানান, সংগঠনের সঙ্গে কাটানো সময়টি তার জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ অধ্যায়। ছাত্রশিবির তাকে দেশ ও জাতি নিয়ে ভাবতে, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে এবং আত্মিক বিকাশের পথ খুঁজে পেতে সহায়তা করেছে। এ সময় সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের পথচলার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
এর আগে, গত ১ মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপরই ছাত্রশিবির জানায়, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে সামনে আসেন। পরে ২০২৫-২৬ মেয়াদে তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
বার্তা নিউজ/আরএসএল
.webp)













