ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত বিশাল মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করবে সংগঠনটি। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।
সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি সরকারকে দায়ী করেন। কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বর্তমান শাসনব্যবস্থা বেশিদিন স্থায়ী হবে না।
নুরুল ইসলাম সাদ্দাম আরও উল্লেখ করেন, ভিন্ন মতের অনুসারীদের ওপর এ ধরনের ধারাবাহিক হামলা চলতে থাকলে তা সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।













