আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির ম্যাচে মুখোমুখি হবে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া এই ম্যাচে লেস্টারের হয়ে খেলবেন হামজা চৌধুরী, আর ফুলহ্যামের জার্সিতে দেখা যাবে ফারহান আলী ওয়াহিদকে।
একদিকে বাংলাদেশের জাতীয় দলের অন্যতম ভরসা হামজা, অন্যদিকে লাল-সবুজের সম্ভাব্য ভবিষ্যৎ তারকা ফারহান। দুজনই খেলবেন নিজেদের ক্লাবের জয়ের লক্ষ্য নিয়ে। তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ, একই দেশের দুই ফুটবলারের প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হওয়া।
এই ম্যাচের গুরুত্ব তুলে ধরে নিজের ফেসবুক পেজেও বিষয়টি শেয়ার করেছেন ফুলহ্যামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ।
ইংলিশ ফুটবলে হামজা চৌধুরীর পরিচয় অনেক আগেই প্রতিষ্ঠিত। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা, এফএ কাপ জয়ের স্মৃতি এবং জাতীয় দলে যোগ দেওয়ার পর বাংলাদেশের মাঝমাঠে তার প্রভাব—সব মিলিয়ে তিনি এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও উপস্থিতি বাংলাদেশের খেলায় এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস।
অন্যদিকে, ফারহান আলী ওয়াহিদের পথচলা কেবল শুরু। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছেন এই তরুণ উইঙ্গার। গতি, ড্রিবলিং এবং আক্রমণে কার্যকর ভূমিকার কারণে তাকে বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম বড় সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই হামজা ও ফারহানকে একই সঙ্গে লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে। তবে তার আগে ইংল্যান্ডের মাটিতে দুজনই থাকবেন দুই শিবিরে—হামজার লক্ষ্য থাকবে লেস্টারকে জয় এনে দেওয়া, আর ফারহান লড়বেন ফুলহ্যামের হয়ে।
বার্তা নিউজ/আরএফই













