চিকিৎসকরা জানান, বিবিজান দীর্ঘদিন ধরে অস্টিওআর্থ্রাইটিস রোগে ভুগছিলেন। তার হাঁটুর ক্ষয়ের মাত্রা অত্যন্ত তীব্র ছিল। এ ধরনের জটিলতায় হাঁটু অনেকটা শক্ত বা নিশ্চল হয়ে যায়, বেঁকে যায় এবং তীব্র ব্যথার সৃষ্টি হয়। এই পর্যায়ে পৌঁছালে হাঁটু প্রতিস্থাপন করাই আধুনিক ও কার্যকর চিকিৎসা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এই অত্যাধুনিক অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এই অস্ত্রোপচারে অংশ নেন অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেন, ডা. মনোয়ার তারিক সাবু, ডা. শফিকুল ইসলাম, ডা. সাঈদ আহমেদ, ডা. মতিউল ইসলাম, ডা. সালেহীনসহ আরও কয়েকজন চিকিৎসক।
অধ্যাপক ডা. আলমগীর হোসেন জানান, এই অস্ত্রোপচারের ফলে রোগীর হাঁটু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং তিনি নিয়মমাফিক সব ধরনের চলাফেরা করতে পারবেন।
তবে এজন্য তাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। তিনি আরও জানান, এখন থেকে এই সরকারি হাসপাতালে হাঁটু প্রতিস্থাপনের এ ধারা অব্যাহত থাকবে। এর ফলে উত্তরবঙ্গের মানুষ দারুণভাবে উপকৃত হবেন এবং চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে যাওয়ার ভোগান্তি ও খরচ লাঘব হবে।
ডা. মনোয়ার তারিক সাবু জানান, ঢাকায় নিয়মিত এই অস্ত্রোপচার হলেও রাজশাহীতে এটাই প্রথম। এখন থেকে এখানেও এটি নিয়মিতভাবে পরিচালিত হবে।
বার্তা নিউজ/এসডব্লিউএন












