বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিসি মতিঝিলের পরিকল্পনায় এবং ডিএমপি মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এডিসি মতিঝিলের নেতৃত্বে রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে এই অভিযান পরিচালিত হয়।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় অপরাধমূলক কার্যক্রমে ধারালো অস্ত্রের ব্যবহার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে অবৈধভাবে বিক্রি হওয়া মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ধারালো চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল পিস্তলের মতো দেখতে খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।
এ সময় অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট থানার বাসুদাই গ্রামের আ. সাত্তারের ছেলে রবিউল ইসলাম (৪০), একই এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মো. আজাদ (৩০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ এলাকার মৃত আবুদ্দিকের ছেলে মো. রাজন (৩৪)।
বর্তমানে রবিউল পল্টনের বায়তুল মোকাররম মার্কেট এলাকায়, আজাদ মতিঝিলের ফকিরাপুল ১নং গলিতে এবং রাজন ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডে বসবাস করেন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা নিউজ/এমএনকে














