সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গোলান সতর্ক করে বলেন, নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ক্ষমতায় বহাল থাকা ইসরায়েলকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈশ্বিক একঘরে অবস্থা এবং খোদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
বিশ্বমঞ্চে ইসরায়েলের অবস্থান পুনরুদ্ধার করতে সামনে দুটি পথ রয়েছে উল্লেখ করে তিনি যোগ করেন, ‘হয় নেতানিয়াহুর ইসরায়েল- যেখানে দেশ পরিণত হবে এক ‘সুপার-স্পার্টা’, যা থাকবে বয়কটকৃত, পশ্চাৎপদ ও বিশ্ববিচ্ছিন্ন; নয়তো একটি শক্তিশালী, প্রগতিশীল, মুক্ত এবং নিরাপদ ইসরায়েল। নেতানিয়াহু নির্বাচনে পরাজিত হয়েছেন। তিনি এখন ইসরায়েলের জন্য স্পষ্ট এক বিপদ।’
গত সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে ৪৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা প্রধান ইহুদি নেতৃত্বাধীন বিরোধী জোটের অন্যতম শরিক দল গোলানের এই পার্টি। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন এবং আরব নেতৃত্বাধীন দুটি দল রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে।
আজ দিনের শুরুতে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি কোনো ধরনের কারচুপির প্রমাণ না পেয়ে গত ২৭ অক্টোবরের ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে, যা ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার নেতানিয়াহুর চেষ্টায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন সরকার গঠনের মতো শক্তিশালী অবস্থানে থাকা প্রার্থীকে মনোনীত করার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
বার্তা নিউজ/এসডব্লিউএন












