অপ্টা জো-এর (Opta Joe) পরিসংখ্যান অনুযায়ী, এক বিশ্বকাপ আসরে গোলমুখে শটে সম্পৃক্ত থাকার (shot involvements) দিক থেকে মেসি এখন ইতিহাসের দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্টার মিয়ামির এই তারকা এবারের আসরে এখন পর্যন্ত ৫৪টি শটে সম্পৃক্ত থেকেছেন, যার মধ্যে তিনি নিজে ৩৩টি শট নিয়েছেন এবং সতীর্থদের জন্য ২১টি সুযোগ তৈরি করেছেন। ১৯৮৬ সালে ম্যারাডোনার গড়া রেকর্ডের পর এক আসরে এটিই যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ অর্জন। সেবার বিশ্বকাপ জয়ী নাপোলি কিংবদন্তি ম্যারাডোনা ২৯টি শট নেওয়ার পাশাপাশি ৩০টি সুযোগ তৈরি করে রেকর্ড গড়েছিলেন, যা এখনো অক্ষত আছে।
আগামী বুধবার টুর্নামেন্টের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সময় ম্যারাডোনার সেই দীর্ঘদিনের রেকর্ডটি ভেঙে দেওয়ার দারুণ সুযোগ থাকছে মেসির সামনে। মজার ব্যাপার হলো, সাবেক এই বার্সেলোনা তারকা এর আগে কখনোই ইংল্যান্ডের মুখোমুখি হননি। তবে তিনি নিজের দেশকে টানা আরেকটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে এবং নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিতে মরিয়া থাকবেন, যা ইংল্যান্ড দলের জন্য নিশ্চিতভাবেই একটি বড় উদ্বেগের কারণ। মেসি এরই মধ্যে বিশ্বকাপের নতুন সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে নিয়েছেন এবং এখন তার সামনে অপেক্ষা করছে আরও একটি নতুন রেকর্ড নিজের করে নেওয়ার হাতছানি।
বার্তা নিউজ/ এসভিএন













