পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই যুবকের নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসায় এবং পেশায় তিনি একজন কেবল অপারেটর। শুক্রবার সন্ধ্যায় কাজের সূত্রে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাস্তা না চেনায় বাইক চালানোর সময় তিনি গুগল ম্যাপের সাহায্য নিচ্ছিলেন। ম্যাপ অনুসরণ করে তিনি পাণ্ডবেশ্বরের হরিপুরের পুরনো ভাটমুড়া এলাকার একটি রাস্তায় ঢুকে পড়েন। জায়গাটি ইস্টার্ন কোলফিল্ডস্ লিমিটেডের (ইসিএল) অধিগৃহীত এবং কিছু দিন আগেই সেখানে ধস নেমে রাস্তার একাংশ তলিয়ে গিয়েছিল। রাস্তাটি যে বন্ধ, তা বুঝতে না পেরে তিনি বাইক সমেত সোজা খাদে গিয়ে পড়েন।
দুর্ঘটনার কিছুক্ষণ পর প্রসূন তাঁর আত্মীয়দের ফোন করেন। কিন্তু নিচে পড়ে যাওয়ার আঘাত এবং ট্রমার কারণে তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। তিনি ঠিক কোথায় আছেন, তা স্পষ্টভাবে জানাতে পারেননি। এরপর পরিবারের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। শেষ পর্যন্ত ওই যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শনিবার সকালে খনি কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে খাদ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় কয়লা উত্তোলনের উদ্যোগ শুরু হওয়ায় রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অনেকেই সে বিষয়ে অবগত নন এবং রাস্তা বন্ধ থাকার বিষয়টি সকলের জানা উচিত ছিল। আহত প্রসূন বন্দ্যোপাধ্যায় বর্তমানে দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে তাঁর কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা নিউজ/আরএসএল














