শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
আহত শিক্ষার্থীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. আলী চৌধুরী আবিদ ও মো. শাওন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভীর হোসাইন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সিরাজী ভবনের সামনে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পক্ষের দাবি, কয়েক দিন আগেই তারা সেখানে কোর্ট তৈরির উদ্দেশ্যে বাঁশ পুঁতে জায়গা নির্ধারণ করেছিলেন। পরবর্তী সময়ে অন্য বিভাগের শিক্ষার্থীরা একই স্থানে কোর্ট তৈরির উদ্যোগ নিলে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশিদ আলম জানান, আহত তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও উভয় পক্ষের ভুল বোঝাবুঝি উল্লেখ করে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিজ্ঞপ্তিতে প্রশাসন জানিয়েছে, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পর্যালোচনার পর পরবর্তী সিন্ডিকেট সভায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা নিউজ/ এমকেএ





.webp)






