৩৪ বছর বয়সী সাবেক এই লিভারপুল ও বার্সেলোনা মিডফিল্ডার গত ফেব্রুয়ারিতে ভাস্কো দা গামা ছাড়ার পর থেকে ক্লাবহীন ছিলেন। ২০২৪ সালে নিজের শৈশবের এই ক্লাবে ফিরেছিলেন তিনি। তবে ৮১টি ম্যাচ খেলার পর নিজেকে 'মানসিকভাবে ক্লান্ত' উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে ক্লাবটি ছাড়েন কুতিনহো।
সান্তোসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ এক বার্তায় কুতিনহোকে স্বাগত জানানো হয়েছে। কৈশোরে তোলা নেইমার ও কুতিনহোর একটি পুরোনো ছবির পাশাপাশি জিমে একই ভঙ্গিতে তোলা তাদের নতুন একটি ছবি প্রকাশ করেছে ক্লাবটি। এ ছাড়া পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে ঢোকার পর কুতিনহোকে জড়িয়ে ধরছেন নেইমার। এ সময় আবেগে আপ্লুত কুতিনহো বলেন, ‘এটি যদি স্বপ্ন হয়, তবে আমি আর জাগতে চাই না।’
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের পথচলা থাকলেও এবারই প্রথম কোনো ক্লাবের হয়ে একসঙ্গে মাঠে নামবেন এই দুই তারকা।
ভাস্কো দা গামার হয়ে ক্যারিয়ার শুরু করা কুতিনহো পরবর্তীতে ইন্টার মিলানে যোগ দেন। এরপর ২০১৩ সালে লিভারপুলে পাড়ি জমিয়ে ২০১ ম্যাচে ৫৪ গোল করে ইউরোপিয়ান ফুটবলে দারুণ সাড়া ফেলেন তিনি। ২০১৮ সালে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফিতে তিনি যোগ দেন বার্সেলোনায়। এরপর বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা এবং কাতারের আল-দুহাইলের হয়ে খেলে আবারও ভাস্কোতে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
সূত্র: বিবিসি স্পোর্টস
বার্তা নিউজ/ এসভিএন
.webp)










.webp)


