সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর, মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাকুড়িয়া গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়। এ সময় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, সাবেক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বার্তা নিউজ/আরএসএল











