রবিবার সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাল টাকাগুলো সংগ্রহ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে গোদারপাড়া এলাকায় বর্জ্যের ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। বস্তার ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার নোট দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে বাড়িতে নিয়ে যান। তবে পরে ভালো করে খেয়াল করলে দেখা যায়, টাকার গায়ে ছোট করে 'অনলি ফর শুটিং' লেখা রয়েছে। টাকাগুলো জাল বুঝতে পেরে অনেকেই তা আবার ফেলে দিয়ে যান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে জাল টাকা নিজেদের কাছে থাকলে আইনি ঝামেলায় পড়তে হতে পারে- এমন আতঙ্কে স্থানীয়রা কেউই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল জব্দ করা হয়েছে। এই টাকার পেছনে ছোট করে 'অনলি ফর শুটিং' লেখা আছে। জাল টাকার উৎস কী এবং কারা এগুলো ভাগাড়ে ফেলে গেছে, তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বার্তা নিউজ/আরএসএল









.webp)


