শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার সকালে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পিকআপ ভ্যান নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে গ্রামে যান।
অভিযানের একপর্যায়ে পুলিশ সদস্যরা সুমনকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করলে স্থানীয় একদল ব্যক্তি তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে তাঁদের হেফাজত থেকে সুমনকে ছিনিয়ে নেয় এবং পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করে।
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা থেকে বাড়তি পুলিশ সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বার্তা নিউজ/এমকেএ





.webp)






