প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মিয়াজী হোসাইন আবরার। একই বিভাগের ফারহানা ফাইজা জিম দ্বিতীয় এবং পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের মাশরাফি কামাল শাফি তৃতীয় হয়েছেন।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে একটি ল্যাপটপ, একটি মনিটর ও একটি হেডফোন দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে এক সেট বই ও সনদ দেওয়া হয়েছে।
ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বইটির বিষয়বস্তু নিয়ে সমালোচনামূলক বিশ্লেষণের পাশাপাশি নিজেদের উপলব্ধি ও চিন্তাভাবনা তুলে ধরেন তাঁরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক ও ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইয়ের লেখক মতিউর রহমান। বইটি লেখার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
মতিউর রহমান বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ শুধু জ্ঞান অর্জন করে না; সমাজ, মানুষ ও জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগও পায়। তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরিতেও বই পড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস ও পাঠ-পর্যালোচনার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিয়মিত বই পড়া জ্ঞান ও চিন্তার পরিধি বিস্তৃত করার পাশাপাশি মননশীলতা বিকাশে সহায়তা করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে এবং সমাজ ও জীবনকে গভীরভাবে বুঝতে সহায়তা করে। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস তৈরি এবং মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গীতিকার ও সুরকার কবির বকুল, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, স্কিলআপারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শামীম হুসাইন এবং প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজনটির সহযোগী ছিল প্রথমা ডটকম ও স্কিলআপার।












