ডালাসে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফ্রান্স ও তিন নম্বরে থাকা স্পেন। সোমবার রাত পর্যন্ত এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার বা ১ লাখ ৬৩ হাজার টাকার বেশি, যা গত তিন দিনে প্রায় ২৬ শতাংশ কমেছে। অন্যদিকে, আটলান্টায় বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ২ হাজার ৮৪১ ডলার বা সাড়ে ৩ লাখ টাকার বেশি। গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে শনিবার দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলার বা ৩ লাখ ৬৫ হাজার টাকায় উঠলেও পরদিন তা কিছুটা নেমে আসে। আটলান্টায় আর্জেন্টিনার বিপুল সমর্থকগোষ্ঠীর উপস্থিতি এবং এমএলএসের ক্লাব আটলান্টা ইউনাইটেডে দীর্ঘদিন ধরে আর্জেন্টাইন ফুটবলারদের খেলাকে এই বাড়তি চাহিদার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
এছাড়া মায়ামিতে আগামী শনিবার দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ১ হাজার ৫৪৩ ডলার বা ১ লাখ ৯০ হাজার টাকার বেশি। অন্যদিকে, নিউ জার্সি স্টেডিয়ামে আগামী রোববার রাতে হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম এখন ৬ হাজার ৭৬০ ডলার বা ৮ লাখ ৩৩ হাজার টাকার বেশি, যদিও গত ৭২ ঘণ্টায় এই দাম ৬ শতাংশ কমেছে। এর আগে গত অক্টোবরে ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম সর্বোচ্চ ১৩ হাজার ৬৫০ ডলার বা ১৬ লাখ ৮৩ হাজার টাকায় উঠেছিল। পরবর্তীতে গত ২১ জুন তা ১২ হাজার ৩০১ ডলার এবং ৬ জুলাই ৯ হাজার ৯১১ ডলারে নেমে আসে।
বার্তা নিউজ/এফএইচআর













