বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সীর সমর্থকদের সঙ্গে নুরইসলাম মুন্সীর সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী তাঁর ফসলি জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করে। এর জেরে বিকেলে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সঙ্গে কালাম মুন্সীর সমর্থকদের সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কালাম মুন্সী ও শাহজাহান মাতুব্বরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কালাম মুন্সীর ফসলি জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা নিউজ/আরএসএল














