আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনেকের পছন্দ তরুণ মিডফিল্ডার নিকো পাজ। তবে রোমেরো মনে করেন, এই জার্সির যোগ্য দাবিদার হুলিয়ান আলভারেজ। যদিও আলভারেজ নিজেই নাকি ১০ নম্বর জার্সি পরতে আগ্রহী নন।
আর্জেন্টাইন সাংবাদিক এস্তেবান এদুল ও গাস্তন এদুলের পরিচালিত ‘লস এদুল’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আমার মতে, হুলিয়ানের ১০ নম্বর জার্সি পরা উচিত। আমি তাকে বিষয়টি আগেই বলেছি। কিন্তু সে নিজের বর্তমান জার্সি নম্বর নিয়েই খেলতে চায়।’
বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলে ৯ নম্বর জার্সি পরে খেলেন আলভারেজ। মূলত স্ট্রাইকার হিসেবে পরিচিত হলেও গোল করার পাশাপাশি দলের আক্রমণ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বড় ম্যাচে পারফর্ম করার সামর্থ্যও তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
কিন্তু আলভারেজকেই কেন মেসির ১০ নম্বর জার্সির যোগ্য মনে করছেন রোমেরো? এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘ওর মধ্যে বিনয়, পারিবারিক মূল্যবোধ এবং ভালো মানুষ হওয়ার সব গুণ রয়েছে। এই জার্সির যোগ্যতা তার আছে।’
অন্যদিকে, ১০ নম্বর জার্সির আরেক সম্ভাব্য দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন নিকো পাজ। ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজের সৃষ্টিশীল ফুটবল, দুর্দান্ত বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতা দিয়ে নজর কেড়েছেন।
ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন পাজ। বাঁ পায়ের নিখুঁত পাস, দুর্দান্ত ড্রিবলিং এবং গোলের সুযোগ তৈরির দক্ষতার কারণে অনেকেই তার খেলার মধ্যে মেসির ছায়া খুঁজে পান।
তবে আলভারেজ ও পাজের খেলার ধরনে রয়েছে পার্থক্য। আলভারেজ মূলত গোল করার দক্ষতা ও আক্রমণভাগে কার্যকারিতার জন্য পরিচিত। অন্যদিকে পাজের প্রধান শক্তি সৃষ্টিশীলতা, বল নিয়ন্ত্রণ এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা।
রোমেরোর পছন্দ আলভারেজ হলেও ১০ নম্বর জার্সি নিয়ে তার নিজের আগ্রহ নেই বলেই জানিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। ফলে মেসির ঐতিহ্যবাহী জার্সির ভবিষ্যৎ উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত।
আলভারেজের অভিজ্ঞতা নাকি নিকো পাজের সৃষ্টিশীলতা-আর্জেন্টিনার পরবর্তী ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের বিষয়।
বার্তা নিউজ/ আরএফই














