বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল।
গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর উদ্দেশে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকি বসায় পুলিশ।
রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের বডির ভেতর অভিনব কায়দায় লুকানো ৬২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং সৈয়দ নুরকে আটক করা হয়। তবে অভিযানের সুযোগ নিয়ে পিকআপ চালক দ্রুত সটকে পড়েন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা পিকআপ ও মাদক পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হচ্ছে। এছাড়া পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা নিউজ/এমএনকে













