নিহতরা হলেন ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি এলাকার মৃত হিরম্ব রায়ের ছেলে পলাশ রায় (২২) এবং তার স্ত্রী মনি রানি (১৯)। মনি জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে পলাশ রায় ও মনি রানির বিয়ে হয়। রবিবার সন্ধ্যায় পলাশ স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ডোমার উপজেলা থেকে জলঢাকার কালীগঞ্জ ডাঙ্গাপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে কালীগঞ্জ দিঘিরপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পলাশ ও মনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে জলঢাকা থানা-পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ করে। তবে পিকআপটির চালককে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তা নিউজ/এসএফএল






.webp)




