স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্তমান বোরো ও রবি মৌসুমে জমিতে সারের খুব বেশি প্রয়োজন। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে সার না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। কৃষকদের আরও অভিযোগ, তারা টোকেন নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও অনেকে অনিয়ম করে আগে গিয়ে সার নিয়ে যাচ্ছেন।
এমনকি অনেকে চাষাবাদ না করেও ভ্যান ভরে সার নিয়ে যাচ্ছেন বলে তারা দাবি করেন। প্রকৃত কৃষকেরা যেন ন্যায্যভাবে সার পান, সেজন্য প্রশাসনের কঠোর তদারকির দাবি জানিয়েছেন তারা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা ক্ষুব্ধ কৃষকদের শান্ত করেন এবং সুশৃঙ্খলভাবে সার বিতরণের ব্যবস্থা নেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, এলাকায় সারের কোনো সংকট নেই। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং ডিলাররা যাতে নিয়ম মেনে সার বিক্রি করেন, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। কোনো কৃষককে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে সব এলাকায় পর্যাপ্ত সার পৌঁছে দেওয়া হবে।
বার্তা নিউজ/এমএনকে













