বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল’ করলে অঞ্চলজুড়ে দেশটির ঘাঁটি ও স্বার্থকে কোনো ধরনের সীমাবদ্ধতা বা বিবেচনা ছাড়াই ধারাবাহিক, কার্যকর ও ‘যন্ত্রণাদায়ক’ হামলার লক্ষ্যবস্তু করা হবে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি এলো।
ইরানি সামরিক কমান্ড দাবি করেছে, তারা এমন তথ্য পেয়েছে যে যুক্তরাষ্ট্র আবারও ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত যৌথ বৈঠকে কয়েকটি আঞ্চলিক দেশের সম্মতিও এতে রয়েছে। তবে এই দাবির পক্ষে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র চলমান সংঘাতে নিজের ব্যর্থতা আড়াল করতে এবং কৃত্রিম সাফল্য দেখাতে নতুন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। ইরানের ভাষ্য অনুযায়ী, সংঘাতের সূচনা ও ধারাবাহিকতার পেছনে ইসরায়েলের বিভ্রান্তিকর তথ্য ও পরিকল্পনা ভূমিকা রেখেছে।
এর আগে চলতি মাসেও ইরানের সামরিক নেতৃত্ব সতর্ক করেছিল, দেশটির বিরুদ্ধে নতুন মার্কিন হামলা হলে আগের তুলনায় আরও ব্যাপক ও কঠোর জবাব দেওয়া হবে।
সূত্র: রোয়া নিউজ
বার্তা নিউজ/এসএফএল













