অনলাইনে আবেদনের একদিনেই ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট নেয়া থেকে শুরু করে জিডি ছাড়াই হারানো পাসপোর্ট নতুন করে করিয়ে দেয়ার কাজ নিচ্ছে দালালরা।
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর। সেখানে সেবা নিতে আসা মানুষদের ঘিরে ধরে রাখে দালালরা। পাসপোর্ট বানাতে আসা মানুষদের প্রলোভন দেখায় দালালরা, আবেদনের পরের দিনই ছবি তোলা ও ফিঙ্গার প্রিন্টের কাজ করে দেবার। যেখানে গ্রাহকদের এই সেবা পেতে অপেক্ষা করতে হয় এক মাসেরও বেশি সময়।
গোপন ক্যামেরায় ধারন করা ভিডিওতে এক দালালকে বলতে শোনা যায়, আজ ফর্ম ফিলাপ করে কাল জমা করিয়ে দেবো। তারিখ আমরা ম্যানেজ করবো। আমাদের চ্যানেলের মাধ্যমে সব ম্যানেজ করবো। তাতে বাড়তি নেব তিন হাজার টাকা।
পাসপোর্ট প্রতি তিন হাজার করে বাড়তি টাকা নেয় দালালরা। সেই ঘোষণা জনসম্মুখেই দিচ্ছে তারা। এক দালাল বলেন, ৮ হাজার টাকারটা দিলে ১৫ দিনে দিতে পারবো। প্রত্যেকটি আলাদা আলাদা পাসপোর্টের জন্য আমাকে তিন হাজার করে বাড়তি দেবেন।
এমনকি হারিয়ে যাওয়া পাসপোর্টও থানায় জিডি ছাড়াই বানিয়ে দেয়ার কথা বলছেন দালালরা। গোপন ক্যামেরায় ধারন করা ভিডিওতে আরও এক দালালকে বলতে শোনা যায়, তারাই সব করে দেবে। ওগুলো কিছুই করতে হবেনা। বলবেন না হারিয়ে গেছে। কোনো প্রশ্ন করবে না।
ভোক্তাদের অভিযোগ, দালালদের সাথে যোগসাজশ রয়েছে ভেতরের কর্মকর্তা কর্মচারিদের। তাই, বাড়তি আয়ের জন্য তারা ইচ্ছে করেই ভোগান্তিতে ফেলে সেবা নিতে আসা মানুষদের। তাদের যোগসাজশেই চলছে দালালদের এই রমরমা বাণিজ্য।














