উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আগামী তিন মাস এ সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। শতভাগ নির্মূল পুরোপুরি সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’ এই বার্তা তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজ আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পেছনে দেন, তবে সামগ্রিক পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব; এবার রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের পালা।
অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে পরিচালিত হবে।
বার্তা নিউজ/এমএনকে







