পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে বিকেল ৪টা ৩৬ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাদিম হোসেন সাভারের শাহীবাগ এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, মোহনা টেলিভিশন ও বাংলা মেইল টোয়েন্টিফোরে সাভার প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শুক্রবার রাতে সাভার প্রেস ক্লাবের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইরে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




.webp)






