আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের কথা রয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে সামিটের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহীদুজ্জামান টরিক বলেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এই সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্দেশ্যেই এনআরবি ওয়ার্ল্ড কাজ করে যাচ্ছে।
তিনি জানান, ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে যাত্রা শুরু করে এনআরবি ওয়ার্ল্ড। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে সংগঠনটির নেটওয়ার্ক বিস্তৃত। এবারের সামিটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এনআরবি ওয়ার্ল্ড সামিট-২০২৬ কেবল একটি সম্মেলন নয়; বরং প্রবাসী ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বার্তা নিউজ/আরএসএল











.webp)

