রেকর্ডটি হলো, স্বীকৃত টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার এখন ইমরান তাহির। আজ প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে ৫ উইকেট নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন।
৫ উইকেট নেওয়ার পর তাহির জানান, এই বয়সেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর ছেলে। ছেলের সঙ্গে একদিন একসঙ্গে খেলবেন-এই স্বপ্ন থেকেই এত পরিশ্রম করে এখনো খেলে যাচ্ছেন তিনি। তবে সেই স্বপ্ন পূরণে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাহিরকে। কারণ, তাঁর ছেলের বয়স এখন মাত্র ১২ বছর।
সেন্ট লুসিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তাহির। স্বীকৃত টি-টুয়েন্টিতে এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। এই সংস্করণে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেলেন তিনি। সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার তালিকায় তাহির এখন দ্বিতীয়। তাঁর ওপরে আছেন নামিবিয়ার ডেভিড ভিসা, ৭ বার ৫ উইকেট নিয়েছেন তিনি। পাঁচবার করে ৫ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছেন শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খান।
আরেকটি তালিকাতেও নিজের অবস্থান আরও শক্ত করছেন তাহির। সব ধরনের টি-টুয়েন্টিতে তাঁর উইকেট এখন ৫৮৯টি। এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে। তাঁর ওপরে রশিদ খান ৭৩৬, সুনীল নারাইন ৬৫৭ ও ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে অবস্থান করছেন।
৫৮৯ উইকেটের মধ্যে সিপিএলেই তাহিরের শিকার ১৪২টি-এই প্রতিযোগিতায় যা সর্বোচ্চ। চলতি মৌসুমে নিয়েছেন ১২ উইকেট। ৪৭ বছর বয়সেও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
অথচ দক্ষিণ আফ্রিকার হয়ে তাহিরের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাত বছরেরও বেশি আগে। দেশের হয়ে ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। ২০১৯ সালের জুলাইয়ে তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ওয়ানডে।
বার্তা নিউজ/ আরএফই












