চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই তিনটি সিংহের মৃত্যু হয়। ময়নাতদন্তে দেখা গেছে, তিন থেকে পনেরো বছর বয়সী এই সিংহগুলো মারাত্মক পানিশূন্যতা এবং 'মাল্টিপল অর্গান ফেইলিওর' বা একাধিক অঙ্গ বিকল হয়ে মারা গেছে।
চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর আগে তারা কখনো এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি। গত বছরও প্রচণ্ড গরম থাকলেও কোনো সিংহ এভাবে অসুস্থ হয়নি। জাপানের গ্রীষ্মকাল ক্রমশই চরমভাবাপন্ন হয়ে উঠছে, এমনকি কিছু শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১৯ জুলাই মুগি নামের তিন বছর বয়সী একটি স্ত্রী সিংহ খাওয়া বন্ধ করে দেয় এবং পরদিন সে আর উঠে দাঁড়াতে পারেনি। কর্মীরা তাকে বাতাস ও পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করে এবং পরে স্যালাইন, লিভার টনিক ও ভিটামিন দেয়। কিন্তু ২৮ জুলাই মুগির মৃত্যু হয়। এরপর ৩১ জুলাই ইচিগো নামের ১১ বছর বয়সী এবং রবিবার লুয়েনা নামের ১৫ বছর বয়সী আরও দুটি স্ত্রী সিংহের মৃত্যু হয়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে দুটি পুরুষ এবং একটি স্ত্রী সিংহ এখনো অসুস্থ অবস্থায় রয়েছে এবং তারা উঠে দাঁড়াতে পারছে না। তবে চারটি সিংহ কিছুটা সুস্থতার লক্ষণ দেখাচ্ছে এবং ছয়টি সিংহ শুরু থেকেই সুস্থ রয়েছে। অসুস্থ সিংহগুলোকে ওষুধ, স্যালাইন ও ভিটামিন দেওয়া হচ্ছে এবং তাদের পোর্টেবল এসি ও ইন্ডাস্ট্রিয়াল ফ্যানযুক্ত একটি বিশেষ জায়গায় রাখা হয়েছে।
সূত্র: বিবিসি
বার্তা নিউজ/ এসভিএন












