আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বৈঠকে নতুন মজুরির পরিমাণ কত হবে, তা নিয়ে আলোচনা করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষোভরত শ্রমিকদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছে বোর্ড।
আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যখন মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে, ঠিক তখনই বেতন চূড়ান্ত করতে আজ সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়। বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে নিরপেক্ষ সদস্যসহ মোট ৭ জন সদস্য এতে অংশ নেন। বৈঠকে মাঠপর্যায়ের কঠোর বাস্তবতা এবং শ্রমিক আন্দোলনের গতিপথ নিয়ে কথা বলেন শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে মজুরি চূড়ান্ত করার সময়সীমা নিয়ে আলোচনা করেন চেয়ারম্যান ও মালিকপক্ষ।
সাধারণত ৫ বছর পরপর মজুরি বোর্ড গঠন করার কথা থাকলেও এবার ৩ বছর পার না হতেই শ্রমিকরা নতুন মজুরির দাবিতে আন্দোলনে নেমেছেন। এর আগে সবশেষ ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ওই মজুরি চূড়ান্ত করতে মজুরি বোর্ডকে মোট ৭টি বৈঠক করতে হয়েছিল।
বার্তা নিউজ/পিআরএএন













