২০১৯ সালের ৪ আগস্ট রাতে কাশ্মীরের নেতাদের গণগ্রেপ্তারের স্মৃতিচারণ করে মেহবুবা বলেন, "সেদিন যে অন্ধকার রাতের শুরু হয়েছিল, তা আজও কাটেনি।" তিনি নয়াদিল্লিকে স্পষ্ট বার্তায় জানান, জম্মু ও কাশ্মীরের মানুষ শান্তিকামী হলেও ৩৭০ এবং ৩৫-ক ধারা আজও তাঁদের হৃদয়ে রয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘পুরো কাশ্মীরকে একটি উন্মুক্ত কারাগার বানিয়ে আপনারা বলতে পারেন না যে সব ঠিক আছে। কাশ্মীর সমস্যার সমাধানে অবশ্যই বিশেষ মর্যাদার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।’
এদিন বিক্ষোভ কর্মসূচিতে মেহবুবার সঙ্গে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। বিক্ষোভ চলাকালীন মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি একটি মিছিল নিয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পিডিপি কর্মীদের দাবি, ইলতিজাকে পুলিশ আটক করেছিল এবং কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অবস্থান পুনরুদ্ধারের দাবিতে বুধবারও শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে পিডিপি।
সূত্র: এনডিটিভি













