নিহত ব্যক্তির নাম শাহজাহান পাটোয়ারী (৬০)। তিনি মৃত বজল গনি পাটোয়ারীর ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে আপন দুই ভাই শাহজাহান পাটোয়ারী ও শাহ আলম পাটোয়ারীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০) মিলে বড় ভাই শাহজাহান পাটোয়ারীকে ধাক্কা দিলে তিনি ঘর থেকে বাইরে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মরদেহ থানায় রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়ার এক পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী শাহজাহান পাটোয়ারীকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তাৎক্ষণিকভাবে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক। তাই কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা নিউজ/এসডব্লিউএন














