মঙ্গলবার (১৯ মে) ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত 'গুগল আইও ডেভেলপারস কনফারেন্সে' এই ঘোষণা দেওয়া হয়। এআই যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের দশকের পুরোনো ব্যবসায়িক মডেলকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যের অংশ হিসেবেই অ্যালফাবেট ইনকরপোরেটেড এই উদ্যোগ নিয়েছে।
এই আপডেটের ফলে গুগলের সার্চ ইঞ্জিনকে নতুনভাবে সাজানো হয়েছে, যা কোম্পানির নতুন 'জেমিনি ৩.৫ ফ্ল্যাশ' মডেলের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে প্রথাগত ব্লু-লিংক সার্চ ফলাফলের বদলে এআই-ভিত্তিক ফলাফলের দিকে আরও একধাপ এগিয়ে গেল গুগল। নতুন সার্চ ফিল্ডটি এখন চ্যাটজিপিটি বা জেমিনির মতো দীর্ঘ ও কথোপকথনভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার উপযোগী করা হয়েছে।
পাশাপাশি ব্যবহারকারীরা এখন গুগলের সার্চ ইঞ্জিনে নিজস্ব এআই 'এজেন্ট' তৈরি করতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে কোনো নির্দিষ্ট বিষয় (যেমন- নতুন বাসা খোঁজা বা নতুন পোশাক বাজারে আসার খবর) নিয়ে গবেষণা বা নজরদারি করতে সক্ষম হবে। এছাড়াও নির্দিষ্ট কিছু কমান্ডের জবাবে কাস্টম ভিজ্যুয়াল এবং মিনি অ্যাপও তৈরি করতে পারবে এই সার্চ ইঞ্জিন।
মূল সার্চ ইঞ্জিন থেকে জেমিনিকে আলাদা করতে গুগল 'স্পার্ক' (Spark) নামের একটি নতুন এআই মোডও চালু করেছে। এটি ব্যবহারকারীর হয়ে ব্যাকগ্রাউন্ডে দীর্ঘমেয়াদী কাজ করতে সক্ষম। স্পার্ক স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট বা ইমেইলের ইনবক্স মনিটর করা এবং গুগল ডকস, জিমেইল ও স্লাইড থেকে তথ্য নিয়ে সারসংক্ষেপ বা টু-ডু লিস্ট তৈরি করতে পারবে।
ম্যাক কম্পিউটারের পাশাপাশি ব্যবহারকারীরা 'অ্যান্ড্রয়েড হ্যালো' (Android Halo) ফিচারের মাধ্যমে ফোন থেকেও তাদের এআই এজেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। ল্যাপটপ বা ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও এই এজেন্ট সক্রিয় থাকবে। সিলিকন ভ্যালিতে সাড়া জাগানো 'ওপেনক্ল' (OpenClaw) এআই এজেন্টের সাথে পাল্লা দিতেই গুগলের এই স্বয়ংক্রিয় ফিচারগুলোর ওপর জোর দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই (AGI) তৈরির বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যেতেই গুগলের এই সর্বশেষ আপডেট। এআই প্রতিযোগিতায় গুগলের 'ডিপমাইন্ড' ল্যাব বড় ভূমিকা পালন করলেও, ব্যবসায়িক সাবস্ক্রিপশনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় গুগল কিছুটা পিছিয়ে আছে।
যুক্তরাষ্ট্রের বাজারে অ্যানথ্রপিক (৩৪.৪%) এবং ওপেনএআই (৩২.৩%) এর তুলনায় গুগলের শেয়ার মাত্র ৪.৫ শতাংশ। তবে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, বর্তমানে জেমিনির ৯০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং চলতি বছর এআই অবকাঠামো ও চিপের পেছনে ১৮০ থেকে ১৯০ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করেছে কোম্পানিটি।
সূত্র: সিএনএন
বার্তা নিউজ/আরএসএল













