রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক বস্তি থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে নিয়ে আসার সময় মাদক কারবারীরা পুলিশের ওপর আক্রমণ করে।
এ সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুঁড়িয়ে পুলিশের উপর বৃষ্টির মতো নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ আহত হন। সেই সুযোগে আসামি রাহুল হাতকড়াসহ সটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। কিছুক্ষণ পর স্টেশন এলাকা থেকে রাহুলের হাতকড়াটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। পরে পুলিশ ছিনতাই হওয়া আসামি উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায়। গতকাল রাত সাড়ে ১২ টা পর্যন্ত ছিনতাই হওয়া আসামি গ্রেপ্তার হয়নি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুল আলম বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর ছুড়ে তাকে ছিনতাই করে নিয়ে যায়। এসময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন। বর্তমানে ছিনতাই হওয়া আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
বার্তা নিউজ/এসডব্লিউএন












