গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ও শুক্রবারের ছুটির মাঝে বৃহস্পতিবারও কারখানা খোলা না রেখে প্রায় ১৭ থেকে ১৮ শতাংশ কারখানা ছুটি ঘোষণা করে। এর ফলে শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পান। ছুটি পাওয়ার পর থেকেই মঙ্গলবার অফিস শেষে ও বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন সড়কে ঘরমুখী শ্রমিকদের ব্যাপক চাপ তৈরি হয়।
টানা তিন দিনের ছুটি পেয়ে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়, কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া এবং শ্রীপুরের মাওনা চৌরাস্তাসহ বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলগামী বাসগুলোতে যাত্রীদের চাপ বহুগুণ বেড়ে যায়।
যাত্রীদের অতিরিক্ত চাপের সুযোগে দূরপাল্লার রুটে লোকাল বাসগুলোও যাত্রী পরিবহন করতে শুরু করে। অনেক স্থানে যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুণতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া লোকাল বাসের তীব্র সংকটের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাযোগে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে রওনা হন।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার বিকেল থেকেই ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন ও যানজট শুরু হয়। হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গাজীপুরে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৫০০ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট বা প্রায় ৪৫ শতাংশ গ্যাসের ঘাটতি রয়েছে। এর ফলে কালিয়াকৈর, শ্রীপুর ও টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের কারখানাগুলো মারাত্মক বিপাকে পড়েছে।
তৈরি পোশাক, টেক্সটাইল, নিটিং, ডাইং ও ওয়াশিং খাতের কারখানাগুলোর উৎপাদন স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে মালিকপক্ষকে। কোথাও শিফট কমিয়ে, কোথাও রাতের বেলায় উৎপাদন সচল রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে টানা তিন দিনের ছুটি ঘোষণা করতে হয়েছে।
ভোগড়া এলাকার স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও তরুণ শিল্প উদ্যোক্তা মোয়া সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘অব্যাহত গ্যাস–সংকটের কারণে দিন দিন ক্রেতাদের অর্ডার কমে যাচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে দেশের প্রধান এই রপ্তানি খাত বড় ঝুঁকির মুখে পড়বে। গ্যাস সমস্যার দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।’
বার্তা নিউজ/এমএনকে










-new.00_00_01_24.Still001.webp)


