প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একটি সিএনজি দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামান। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি মালবাহী ট্রাক অন্য একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপটির ওপর উল্টে পড়ে। এ সময় পিকআপের ভেতরে বসে থাকা পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে স্থানীয় জনতা ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়া ওই কনস্টেবলের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপের চাকায় হাওয়া দেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কনস্টেবল পারভেজ মিয়া মারা যান। সহকর্মীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো হাইওয়ে থানা পরিবার গভীরভাবে শোকাহত।
বার্তা নিউজ/পিআরএএন








.webp)





