বুধবার (৮ জুলাই) কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রের মোট ৫টি ইউনিটের সবকটিতেই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে এবং মোট উৎপাদন ১৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, গত এপ্রিল মাস থেকে হ্রদে পানিস্বল্পতার কারণে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। তীব্র পানি সংকটের কারণে দীর্ঘ ৩ মাস ধরে কেন্দ্রের ৫টি ইউনিট একসঙ্গে চালু রাখা সম্ভব হয়নি। সে সময় বাধ্য হয়ে রেশনিং পদ্ধতিতে কিছু ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন ধরে রাখার চেষ্টা করা হয়।
জানা যায়, ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটিতে পানিস্বল্পতার কারণে উৎপাদন সর্বনিম্ন ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে সম্প্রতি টানা বৃষ্টির কারণে হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ফের বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং হ্রদের পানি আরও বাড়লে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানো সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা নিউজ/এসএফএল














