সোমবার, ১৩ জুলাই সন্ধ্যার দিকে সাগরে ডুবে যাওয়া ওই ট্রলারের ভেতর থেকেই নিহতদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
এই ঘটনায় প্রাণ হারানো জেলেরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন, আবুল কাশেমের ছেলে মো. করিম, আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার বাসিন্দা কামাল।
ঘটনার বিস্তারিত জানিয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দা নুরুল আবছারের মালিকানাধীন ওই ট্রলারটি মোট ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু সোমবার ভোরের দিকে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে বৈরী আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি পাঁচজন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে উদ্ধার তৎপরতা চালিয়ে সোমবার সন্ধ্যায় সাগরে তলিয়ে যাওয়া সেই ট্রলারটি থেকেই নিখোঁজ চার জেলের নিথর দেহ উদ্ধার করা হয়। বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
বার্তা নিউজ/এমকেএ













